মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘সম্রাট বাহিনী’র কাছে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। রোববার (১১ অক্টোবর) সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
উদ্ধার হওয়া জেলেরা হলেন— খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২)।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনে দস্যু নির্মূল ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” শীর্ষক দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সম্রাট বাহিনীর সদস্যরা খুলনার দাকোপ থানাধীন শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১১ অক্টোবর দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযানে যায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা জিম্মি জেলেদের ফেলে বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অক্ষত অবস্থায় চার জেলেকে উদ্ধার করেন আভিযানিক দলের সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে কোস্ট গার্ড জানায়, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে দস্যু সম্রাট বাহিনীর সদস্যরা ওই চার জেলেকে অপহরণ করে। পরে তাঁদের জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় এবং নির্যাতন চালানো হয়।
উদ্ধারকৃত জেলেদের আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।