বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। জেলার বিভিন্ন স্থানে ৭২টি পাম্পের অর্ধেকের বেশি পাম্প প্রায় তেলশূন্য। এ অবস্থায় জেলা প্রশাসন নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। এখন থেকে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকলে পাম্প থেকে তেল দেওয়া হবে না।রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিধিনিষেধ আরোপের বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়ার জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, জ্বালানি তেলের সংকট মোকাবেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র যাচাই করা হবে। এছাড়া প্রতিটি পাম্পে এসব নির্দেশনা সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর মনিটরিং চালানো হবে।
বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন জানান, এ জেলায় ছোট-বড় মোট ৭২টি ফিলিং স্টেশন (পাম্প) রয়েছে। সংকটের শুরুতে মজুত শেষ হয়ে যাওয়ায় অর্ধেকের বেশি পাম্প সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বর্তমানে জ্বালানি তেল সরবরাহ শুরু হলেও সংকট কাটেনি; অনেক পাম্প বন্ধ রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ সংকটের সৃষ্টি হয়েছে। তিনি আশা করেন, খুব শিগগিরই সব ফিলিং স্টেশনে জ্বালানি পৌঁছে যাবে এবং সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে।