মোঃ হাবিব ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তারা ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শন করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান, ক্যাপিস্টোন ফেলো এনডিসি।
এ সময় তিনি অতিথিদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
পরে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অবকাঠামো, শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে প্রতিনিধি দলকে বিস্তারিত জানানো হয়।
পরিদর্শনকারী প্রতিনিধি দলে ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, প্রফেসর ড. মো. মেহেদী হাসান খান, প্রফেসর ড. মো. আসলাম হোসেন ও প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইসরাফিল শাহীন, জামালপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। তাঁরা উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময়ে অংশ নেন।
শিক্ষা-গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব
পরিদর্শন শেষে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উদ্যোগ, শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা, উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মমুখী শিক্ষার প্রসার এবং উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের নিজ অঞ্চলে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান ইইউএসটির লক্ষ্য, উদ্দেশ্য, একাডেমিক পরিকল্পনা, অবকাঠামোগত প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই ইইউএসটির অন্যতম প্রধান লক্ষ্য।
সরকারের অনুমোদনপ্রাপ্ত ইইউএসটি
উল্লেখ্য, ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ইতোমধ্যে বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করেছে। উত্তরাঞ্চলে বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক শিক্ষার প্রসার, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, ইইউএসটি উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আধুনিক উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচন করবে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে জাতীয় উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন,
ইইউএসটির একাডেমিক কার্যক্রম, গবেষণা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি সেই সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আধুনিক ও মানসম্মত শিক্ষা, গবেষণা, বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির উদ্যোগ প্রশংসনীয়।
আমরা আশা করি, ইইউএসটি উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নিজ অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ করবে এবং জাতীয় পর্যায়ে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।