যশোরের শার্শা উপজেলার উলাশীতে জিয়ার খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রস্তুতি কার্যক্রমের অংশ হিসেবে শনিবার দুপুরে প্রকল্পের উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী উলাশীর যদুনাথপুর এলাকায় খালের খননস্থল সরেজমিনে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রস্তুতির অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষি ও পানি ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। সেই ধারাবাহিকতায় উলাশীতে এই পুনঃখনন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নত হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এবং প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধুসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।